
কোটি টাকার অনিয়মের অভিযোগে আলোচনায় মাজহারুল ইসলাম, উঠছে নানা প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক:
কেরানীগঞ্জের কলাতিয়া চুনারচরের বাসিন্দা মাজহারুল ইসলামকে ঘিরে এলাকাজুড়ে নানা আলোচনা ও অভিযোগ সামনে আসছে। স্থানীয়দের দাবি, তার আর্থিক উত্থান এবং বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে।
অভিযোগ রয়েছে, তার কার্যক্রমের শুরু হয় একটি মাল্টিপারপাস প্রতিষ্ঠানের মাধ্যমে। অভিযোগ কারীদের ভাষ্য অনুযায়ী, ওই প্রতিষ্ঠানের নামে এলাকার বহু সাধারণ ও নিম্নআয়ের মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়েছিল। পরবর্তীতে সেই অর্থের ব্যবস্থাপনা ও লেনদেন নিয়ে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়।
অভিযোগ কারীদের আরও দাবি, এক পর্যায়ে ৩০ হাজার টাকার একটি চেককে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। তাদের ভাষ্যমতে, ওই ঘটনাকে কেন্দ্র করে ৩০ লাখ টাকার মামলা দায়ের করা হয়, যার ফলে ভুক্তভোগীরা হয়রানির শিকার হন বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রগুলোর দাবি, এরপর বিভিন্ন সময়ে একাধিক আর্থিক লেনদেন ও ব্যবসায়িক কার্যক্রমকে কেন্দ্র করে তার বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ সামনে আসতে থাকে। অভিযোগকারীদের মতে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ধীরে ধীরে একটি বিস্তৃত প্রভাববলয় গড়ে তোলেন এবং বিপুল পরিমাণ সম্পদের মালিক হন।
এলাকাবাসীর একটি অংশের দাবি, তার সম্পদের উৎস, ব্যবসায়িক কার্যক্রম এবং আর্থিক লেনদেনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন। তাদের মতে, অভিযোগগুলোর সত্যতা যাচাই করা হলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।
তবে এ বিষয়ে মাজহারুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য জানার চেষ্টা করা হলেও প্রতিবেদনের সময় পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি।
অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।