
হেমায়েতপুর আশা প্লাজার সামনে লটারীর নামে প্রতারণা, সর্বস্বান্ত শত শত গার্মেন্টস শ্রমিক
সাভারের হেমায়েতপুর এলাকার আশা প্লাজার সামনে লটারীর নামে প্রতারণার মাধ্যমে শত শত গার্মেন্টস শ্রমিকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিল্লাল সেন্টিগ্রেট নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভাগ্য পরিবর্তনের আশায় সাধারণ শ্রমিকরা এই প্রতারণার ফাঁদে পা দিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
জানা যায়, দীর্ঘদিন ধরে আশা প্লাজার সামনে লটারীর টিকিট বিক্রি ও বিভিন্ন অফারের মাধ্যমে সাধারণ মানুষকে আকৃষ্ট করা হচ্ছিল। প্রথমদিকে কয়েকজনকে ছোটখাটো পুরস্কার দিয়ে বিশ্বাস অর্জন করা হলেও পরে অধিক লাভের আশ্বাস দিয়ে শ্রমিকদের কাছ থেকে বড় অঙ্কের টাকা নেওয়া হয়।
ভুক্তভোগীদের দাবি, অনেক শ্রমিক ধার-দেনা করে কিংবা কষ্টার্জিত সঞ্চয় বিনিয়োগ করেন। কিন্তু নির্ধারিত সময়ে কোনো পুরস্কার বা টাকা ফেরত না পেয়ে তারা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।
এ ঘটনায় কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে সাভার মডেল থানায় একটি জিডি করা হয়েছে বলে জানা গেছে। তবে অভিযুক্ত বিল্লাল সেন্টিগ্রেট বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ক্ষতিগ্রস্ত শ্রমিকরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের অর্থ ফেরতের দাবি জানিয়েছেন। স্থানীয় সচেতন মহল বলছে, নিম্ন আয়ের মানুষদের টার্গেট করে এ ধরনের প্রতারণা চক্র সক্রিয় রয়েছে। তাই এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারির পাশাপাশি সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
