খুলনা সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনীর সহযোগী আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খুলনা সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনীর সহযোগী আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খুলনা প্রতিনিধি

হাসান চৌধুরী

 

খুলনার কয়রায় কোস্ট গার্ড ও নৌ বাহিনীর যৌথ অভিযানে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনীর এক সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে। সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনী খুলনা জেলার কয়রা থানাধীন রায়নদী সংলগ্ন খাশিটানা খাল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৩ অক্টোবর (সোমবার) সকাল ৯ টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা এবং নৌ বাহিনী কন্টিনজেন্ট কয়রা কর্তৃক ওই এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আভিযানিক দল ডাকাতদের ধাওয়া করে একটি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ৩ রাউন্ড ফাঁকা কার্তুজসহ ছোটন বাহিনীর এক সহযোগীকে আটক করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ডাকাত সহযোগী সাগর শেখ (নব মুসলিম) ওরফে জয় শীল (৪১) খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ ছোটন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত আসামীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানান।পুলিশ আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *