ফরিদপুরে সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে অর্থের বিনিময়ে সিআর/সিট প্রদানের অভিযোগ

ফরিদপুরে সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে অর্থের বিনিময়ে সিআর/সিট প্রদানের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর জেলায় কর্মরত সিআইডির এক কর্মকর্তার বিরুদ্ধে অর্থের বিনিময়ে মামলার তথ্য-প্রমাণ যথাযথভাবে যাচাই না করে সিআর/সিট প্রদান করার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই কর্মকর্তার নাম মোঃ আক্তারুজ্জামান, যিনি ফরিদপুর জেলায় সিআইডিতে কর্মরত বলে জানা গেছে।

ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রে অভিযোগ করা হয়, উক্ত কর্মকর্তা একটি মামলার তদন্ত চলাকালে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই-বাছাই না করেই অর্থের লেনদেনের মাধ্যমে সিআর/সিট প্রদান করেন। এতে তদন্তের স্বচ্ছতা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং একজন নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, এই অনিয়মের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মোঃ রমজান (পিতা: মোস্তাফিজুর রহমান)। পাশাপাশি এ বিষয়ে আরেকজন ব্যক্তি মোঃ হাবিবুর রহমান (গ্রাম: খায়রুদ্দিন সর্বস্বাং নকশী, থানা: নলিতবাড়ী, জেলা: শেরপুর) তদন্ত প্রক্রিয়া নিয়ে বক্তব্য প্রদান করেছেন।

ভুক্তভোগী ও সাক্ষীদের দাবি, তদন্ত কার্যক্রমে নিরপেক্ষতা বজায় রাখা হয়নি এবং আর্থিক লেনদেনের মাধ্যমে তদন্তের ফলাফল প্রভাবিত করা হয়েছে। এতে ন্যায়বিচার বাধাগ্রস্ত হচ্ছে এবং প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা প্রশ্নের মুখে পড়ছে।

এ বিষয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগে উক্ত সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত পরিচালনার পাশাপাশি দোষ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *