দুই নারী মাদককারবারি গ্রেপ্তার, ৬ হাজার ইয়াবা উদ্ধার ।

রাজিবুল হক রনি, বিশেষ প্রতিনিধি
ঢাকা ১৭-১১-২০২৫
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উত্তরা সার্কেলের অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর ২০২৫) রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার দুই নারী হলেন— মোছাঃ জাহানারা বেগম (৩০) এবং মোছাঃ রোজিনা বেগম (২২)।
অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা সার্কেলের একটি টিম তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন ৭৯ শহীদ তাজউদ্দীন আহমেদ সড়কে আরএফএল বেস্ট বাই শোরুমের সামনে নজরদারি স্থাপন করে। এ সময় পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে অভিযানে দুই নারীকে সন্দেহজনক অবস্থায় থামানো হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে মোট ৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আটককৃতদের বিরুদ্ধে পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে অধিদপ্তরের সহকারী পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) মোস্তাক আহমেদ জানান, রাজধানীতে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং মাদককারবারিদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।