গেটরিচ গ্লোবাল ইমিগ্রেশন সার্ভিসের কথিত সিইও ফারজানা তানজিলার বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর গুলশান নিকেতনে অবস্থিত “ গেটরিচ গ্লোবাল ইমিগ্রেশন সার্ভিস” নামের একটি প্রতিষ্ঠানের কথিত সিইও ফারজানা তানজিলা-এর বিরুদ্ধে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।অভিযোগ সূত্রে জানা যায়, বাড়ি নং ৩৬, রোড নং ২, ব্লক-বি, নিকেতন ১, গুলশান, ঢাকা-১২১২ ঠিকানায় প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করা হয়। সেখানে বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট, ভিসা প্রসেসিং ও রেসিডেন্স পারমিটের নামে অসংখ্য প্রবাস প্রত্যাশীর কাছ থেকে লাখ লাখ টাকা নেয়া হলেও, পরবর্তীতে কোনো প্রক্রিয়াই বাস্তবে সম্পন্ন করা হয়নি।
ভুক্তভোগীদের অভিযোগ, ফারজানা তানজিলা নিজেকে আন্তর্জাতিক পর্যায়ে সংযুক্ত একটি কোম্পানির সিইও হিসেবে পরিচয় দেন এবং বিভিন্ন দেশে সহজে চাকরি ও স্থায়ী বসবাসের নিশ্চয়তা দেন। টাকা নেয়ার পর তিনি নানা অজুহাতে যোগাযোগ বন্ধ করে দেন।অনেকেই জানিয়েছেন, অফিসে প্রাথমিকভাবে চাকরির চুক্তিপত্র দেখানো হলেও সেটি পরবর্তীতে ভুয়া বলে প্রমাণিত হয়েছে। ভুক্তভোগীদের কেউ কেউ ইতিমধ্যে থানায় অভিযোগ করেছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়ায় আছেন।প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, “এই ধরনের প্রতারণা বন্ধে জরুরি ব্যবস্থা না নিলে আরও বহু প্রবাস প্রত্যাশী ক্ষতির শিকার হবেন।”এ বিষয়ে গেটরিচ গ্লোবাল ইমিগ্রেশন সার্ভিসের সংশ্লিষ্ট দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।