
খাল খননের নামে কোটি কোটি টাকা লোপাট করেছে ফ্যাসিস্টরা

খুলনা প্রতিনিধি
হাসান চৌধুরী
খুলনায় খাল খননের নামে লোপাট হয়েছে কোটি কোটি টাকা।বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, টাকা লোপাটের দিন শেষ। অতীতের সরকার খাল পুনঃখননের নামে টেন্ডার করেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, বরং টাকা লোপাট হয়েছে। ফলে খাল ভরাট হয়ে গিয়ে বর্ষাকালে গ্রাম প্লাবিত হয়।গতকাল দুপুরে নগরীর দৌলতপুর আড়ংঘাটা এলাকায় খুদিয়া খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন রকিবুল ইসলাম বকুল।
এ সময় তিনি আশ্বাস দেন, আগামী নির্বাচনে বিএনপি দায়িত্ব পেলে ১০ কিলোমিটার দীর্ঘ খুদিয়া খাল পুনঃখনন করে জনগণের জন্য উন্মুক্ত করা হবে। এই খাল হবে জনগণের।তিনি বলেন, একসময় এই খালে নৌকা ও ট্রলার চলত। আজ তা অতীত। তবে জনগণের চাহিদা অনুযায়ী নতুন পরিকল্পনায় খালকে ব্যবহারোপযোগী করে তোলা হবে।
অনুষ্ঠানে খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, দৌলতপুর থানা বিএনপির সভাপতি মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি, ছাত্রদল ও যুবদল নেতাকর্মী উপস্থিত ছিলেন।